এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে আ.লীগ ত্যাগ!

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহবাসীর কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ থেকে চিরদিনের জন্যে বিদায় দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ। বেঁচে থাকলে তিনি আর জীবনেও আওয়ামী লীগ করবেন না বলেও ঘোষণা দেন।
সাবেক এই ইউপি চেয়ারম্যান বৃহস্পতিবার বিকেলে জানান, তিনি আর কোন দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পর্ক রাখবেন না। আশরাফ ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এরআগে তিনি ফেসবুকে জেলাবাসীর কাছে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেন। আশরাফুল ইসলাম বলেন, তিনি হার্টের রোগী। কিছুদিন আগে বাইপাস সার্জারি করেছেন। তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
গত পহেলা জুলাই সাবেক এই ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তার বাড়ি তল্লাশি চালিয়ে পিস্তলের একটি ম্যাগাজিন, একটি অবিস্ফোরিত ককটেল, দেশি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। কুমড়াবাড়িয়া ইউনিয়নে তিনি সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।