এমএম কলেজে ছাত্রদলকর্মীকে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সরকারি এমএম কলেজের কমনরুমে ছাত্রদলকর্মী কানোয়ার হোসেনকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগকর্মীরা। তাকে পেটানোর দৃশ্য দেখেও নীরব থাকেন কলেজের দুই শিক্ষক এমনটি জানিয়েছেন ভুক্তভোগী ওই ছাত্রদল কর্মী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের ভাস্করের সামনে থেকে ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম ও এনামুল ইসলামের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা তাকে মারধর করে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কানোয়ার হোসেন যশোর সরকারি এমএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আহত ছাত্রদলকর্মী কানোয়ার হোসেন (২৪) জানান, বৃহস্পতিবার রাতে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফরে যাওয়ার কথা ছিল। সেই শিক্ষা সফরের টি শার্ট আনতে কলেজের নিজ বিভাগে যাওয়ার উদ্দেশ্যে তিনি কলেজে যান। কলেজের ভাস্কর্যের সামনে পৌঁছালে ছাত্রলীগের কর্মী রবিউল ইসলাম ও এনামুল ইসলাম বহিরাগত কয়েকজনকে সাথে নিয়ে তার গতিরোধ করে। এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়কের সাথে থাকা একটি ছবি দেখিয়ে বলে, ‘তুই ছাত্রদল করিস। এই কথা বলে তারা তাকে চড় থাপ্পড় মারতে মারতে কলেজের ছাত্র কমনরুমে নিয়ে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ৮-১০ জন বেধড়ক মারধর শুরু করে। মারধরের শব্দ শুনে কলেজে দুই শিক্ষক বিষয়টি দেখতে পেয়েও তাদেরকে নিবৃত না করে চলে যান । তবে মারধরের শিকার ছাত্রদল কর্মী কানোয়ার হোসেন ওই দুই শিক্ষকের নাম বলতে পারেননি। এরপর তারা তাকে কলেজের দক্ষিণগেটে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা মারতে মারতে বলে, ‘তুই যদি ছাত্রদলের প্রোগ্রামে যাস, তোকে মেরে ফেলবো। তোকে গুলি করে মারবো।’
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত ওই শিক্ষার্থীর বন্ধুরা জানান, মারধরের দৃশ্য দেখে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের হাত পা জড়িয়ে ধরেন। এরপরও তারা কানোয়ার হোসেনকে রক্ষা করতে পারেননি। মারধরের পর তারা ছাত্রদল কর্মী কানোয়ার হোসেনকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, ‘আহত কানোয়ার হোসেনের শরীরে এলোপাতাড়ি মারধরের চিহ্ন রয়েছে। মাথায় কাটা দাগ রয়েছে। সারা শরীরে কালসিটে দাগ সৃষ্টি হয়েছে।
কানোয়ার হোসেনের খালা সালমা খাতুন বলেন, ‘গ্রাম থেকে শহরে পড়াশোনা করতে পাঠিয়েছি ছেলের ভবিষ্যত গড়ার জন্য। কানোয়ার সক্রিয় রাজনীতি করে না। ক্যাম্পাসে যদি ছাত্রদের নিরাপত্তা না থাকে, তাহলে কি হবে। এইভাবে মানুষ মানুষকে পিটাতে পারে? এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।’
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল কর্মীর চিকিৎসার খোঁজ খবর নিতে আসা জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ রাজনীতি করে না। সারাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের নেতারা অছাত্র দিয়ে সংগঠন চালাচ্ছে। ক্যাম্পাসে ধর্ষণের মতো ঘটনাও ঘটাচ্ছে। এই গণতান্ত্রিক দেশে সবাই ছাত্র রাজনীতি করতে পারে। এর আগেও এম এম কলেজের কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এই দায় কলেজ প্রশাসনকে নিতে হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তারের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি।