এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি, তাঁরই মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

0
গুলি ছুড়ে বাইক লুট! ছবি: এআই জেনারেটেড প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ গাজীপুর মহানগরীর জোগিতলা এলাকায় এনসিপির কর্মী হাবিব চৌধুরীকে (২৫) লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেলেও তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে তারা। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিব চৌধুরী জানান, তিনি তার ব্যবহৃত পুরোনো মোটরসাইকেলটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। আজ দুপুরে মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে দুই ব্যক্তি তার সাথে জোগিতলায় দেখা করেন। একপর্যায়ে পরীক্ষা করার কথা বলে একজন মোটরসাইকেলে উঠে বসেন এবং অন্যজন হঠাৎ হাবিবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়েন। গুলি তার কানের পাশ দিয়ে চলে যাওয়ায় তিনি অক্ষত থাকেন। এরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাছের এক ফেসবুক লাইভে এই ঘটনাকে পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধা হাবিবকে হত্যার উদ্দেশ্যেই এই ট্র্যাপ সাজানো হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারীরা এখন নিরাপদ নয়।” তিনি ১২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তাহেরুল হক চৌহান জানিয়েছেন, দুর্বৃত্তদের ধরতে এরই মধ্যে বিশেষ অভিযান শুরু করেছে।