এটিএমে কার্ড স্পর্শ করেই টাকা তোলা যাবে, আটকানোর ভয় নেই

0
এটিএম বুথে কার্ড আটকে যাওয়া ও তথ্য চুরি এড়াতে দেশে প্রথমবারের মতো স্পর্শহীন এনএফসি এটিএম সেবা চালু করেছে সিটি ব্যাংক। এনপিএসবি সুবিধার আওতায় সব ব্যাংকের গ্রাহকরাই ট্যাপ করে নিরাপদে টাকা তুলতে পারবেন।। ছবি: সংগৃহীত
এটিএম বুথ থেকে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়া কিংবা যন্ত্রের কারিগরি ত্রুটিতে পড়তে হয় অনেক গ্রাহককে। এই দীর্ঘদিনের ভোগান্তি ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে দেশে চালু হয়েছে স্পর্শহীন বা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির এটিএম সেবা।
বেসরকারি খাতের সিটি ব্যাংক দেশে প্রথমবারের মতো তাদের এটিএম বুথগুলোতে নতুন এই সুবিধা যুক্ত করার দাবি করেছে। তবে নিজস্ব গ্রাহকদের পাশাপাশি দেশের যেকোনো ব্যাংকের এনএফসি কার্ডধারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন এই ব্যবস্থার ফলে এটিএম বুথের স্লটে প্লাস্টিক কার্ডটি প্রবেশ করানোর কোনো প্রয়োজন পড়বে না। শুধু বুথের নির্ধারিত স্থানে এনএফসি কার্ডটি স্পর্শ (ট্যাপ) করালেই গ্রাহককে শনাক্ত করে নেবে মেশিন। এরপর পিন নম্বর চেপে অত্যন্ত দ্রুত ও নিরাপদে টাকা তোলা, জমা দেওয়াসহ বিভিন্ন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। বর্তমানে দেশে প্রায় সব ব্যাংকই গ্রাহকদের এনএফসি সংবলিত কার্ড প্রদান করছে।

প্রচলিত এটিএম বুথগুলোতে অন্য কোনো ব্যাংকের কার্ড ব্যবহারে কিংবা বিদ্যুৎ চলে গেলে ও যান্ত্রিক গোলযোগে কার্ড ভেতরে আটকে যাওয়ার ঝুঁকি থাকত। সিটি ব্যাংকের নতুন এনএফসি বুথে কার্ড ভেতরে দেওয়ার সুযোগই নেই, ফলে কার্ড আটকে থাকা বা খোয়া যাওয়ার সুযোগ থাকছে না।

এছাড়া প্রথাগত এটিএমে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে ম্যাগনেটিক স্ট্রিপের গোপন তথ্য চুরির যে ভয় থাকত, এনএফসি প্রযুক্তিতে সরাসরি সংকেত আদান-প্রদান হওয়ায় তা ক্লোনিং বা চুরি করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।

এই প্রযুক্তির আরেক সুবিধা হলো লেনদেনের সময় বেঁচে যাওয়া। কার্ড রিড হওয়া এবং লেনদেন শেষে তা বের হওয়ার বাড়তি সময় বেঁচে যাওয়ার কারণে আগের চেয়ে অনেক কম সময়ে সেবা পাওয়া যাবে। পাশাপাশি ঘনঘন মেশিনে প্রবেশের ফলে কার্ডের চিপ বা স্ট্রিপ যে ক্ষয় হতো, ট্যাপ সুবিধার কারণে কার্ডটি দীর্ঘদিন অক্ষত থাকবে।

সিটি ব্যাংক ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে ৭০ থেকে ৮০টি এই আধুনিক এনএফসি প্রযুক্তি সম্পন্ন এটিএম স্থাপন করেছে এবং ভবিষ্যতে নতুন বা প্রতিস্থাপিত সব এটিএমেই এই প্রযুক্তি ব্যবহারের কথা জানিয়েছে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবস্থার অধীনে অন্য যেকোনো ব্যাংকের গ্রাহকও প্রতি লেনদেনে নির্ধারিত ১৫ টাকা ফি দিয়ে সিটি ব্যাংকের এসব এটিএম ব্যবহার করতে পারবেন।

নতুন সুবিধা চালু প্রসঙ্গে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক অরূপ হায়দার বলেন, “গ্রাহকদের সুবিধার্থে নতুন এই প্রযুক্তির এটিএম চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকেরা এটিএমে কার্ড না প্রবেশ করিয়ে স্বচ্ছন্দে ও দ্রুত লেনদেন করতে পারবেন।”