এখনও পদত্যাগ করেননি নাজমুল, না খেলার দাবিতে অনড় ক্রিকেটাররা

0
বিসিবির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এম নাজমুল ইসলামকে ।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে উত্তাল হয়ে উঠেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ক্রিকেটারদের আলটিমেটামের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও নাজমুল পদত্যাগ না করায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ বর্জনের পথে হাঁটছেন খেলোয়াড়রা। আজ বিপিএলের নির্ধারিত ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা এখন পর্যন্ত মাঠে প্রবেশ করেননি।

ঘটনার সূত্রপাত গতকাল বিসিবির এক দোয়া মাহফিল শেষে নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!” তাঁর এমন বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা।

পরিস্থিতি সামাল দিতে আজ সকালে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেছে। একই সাথে তাঁকে অর্থ বিভাগের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও ক্রিকেটাররা সরাসরি তাঁর পদত্যাগের দাবিতে অটল রয়েছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কাল গভীর রাতে প্রথম বিভাগ লিগ স্থগিত করা হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নেতৃত্বে খেলোয়াড়রা সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানা গেছে।