একনেক বৈঠকে ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে ঢাকার এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫ নর্দান এবং ৫ সাউদার্নসহ তিনটি বড় মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও যানজট নিরসনে তিনটি বৃহৎ মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্প তিনটি হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ (বিমানবন্দর থেকে কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর থেকে ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে। এর পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী থেকে দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন লাভ করেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে একনেকের মূল কার্যসূচিতে কেবল এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের সিদ্ধান্ত ছিল। তবে সমন্বিত বাস্তবায়নের স্বার্থে ও কাজের অগ্রগতির বিষয় বিবেচনা করে জাইকার অর্থায়নে চলমান অপর দুটি প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় একসাথে উত্থাপন ও অনুমোদন করা হয়।

প্রকল্পের ব্যয়ের হিসাব অনুযায়ী, জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। অন্যদিকে, ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এ ছাড়া ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।