এমপিদের নিজ নিজ এলাকায় থাকার কথা বললেন প্রধানমন্ত্রী

0
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা মোকাবিলায় বিএনপির সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরপরই তাঁদের এলাকায় অবস্থান নিতে বলেছেন তিনি।

চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সভায় হুইপ আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন।

সভায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তাঁর বাড়িতে আগুন দিয়েছে এবং তাঁর আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি।

সভায় আওয়ামী লীগের অতীত রাজনৈতিক ভূমিকা তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বলেছিল, বিএনপিকে এক মিনিটও শান্তিতে থাকতে দেবে না। আওয়ামী লীগের চরিত্র কেমন, তা নতুন করে বলার কিছু নেই; তাদের সেভাবেই মোকাবিলা করতে হবে।

সভায় একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের অব্যাহত উসকানি সত্ত্বেও সরকার অতিরিক্ত বল প্রয়োগ করেনি এবং এখনই অতিরিক্ত বল প্রয়োগের কোনো ইচ্ছাও সরকারের নেই।

তবে তিনি শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুব শিগগির কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

এস এম জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই এবং প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে—সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে।

প্রশাসন কথা শোনে না—কয়েকজন সংসদ সদস্যের এমন বক্তব্যে বিরক্তি ও উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারি দলের সংসদ সদস্য, আপনারা কীভাবে বলেন প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন; তারা আপনাদের কথা শুনতে বাধ্য। প্রশাসন কথা না শুনলে তাঁকে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। সংসদ নেতা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল; এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে এবং ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে, যাঁদের মধ্যে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ ফিরে আসতে চায়, কিন্তু জনগণ কেন তাদের সমর্থন করবে—প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।

সভায় আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংসদ সদস্য আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ।