ঋণখেলাপির তালিকায় নাম স্থগিত, মান্নার নির্বাচনে অংশ নিতে আইনগত বাধা কাটল

0
মান্নার ঋণখেলাপি তালিকা স্থগিত; নির্বাচনে অংশ নিতে বাধা নেই ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপি তালিকায় (সিআইবি) অন্তর্ভুক্তির কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আজ সোমবার (২৯ ডিসেম্বর) শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মান্নার প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের নামে ইসলামী ব্যাংকের বগুড়া শাখা থেকে নেওয়া ঋণ ঘিরে সিআইবি প্রতিবেদনে মান্নার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর আগে ২৪ ডিসেম্বর হাইকোর্ট মান্নার রিট আবেদনটি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন। আজ আপিল বিভাগে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আহসানুল করিম।

সৈয়দ মামুন মাহবুব জানান, ইসলামী ব্যাংকের ৩৬ কোটি টাকা পাওনার বিপরীতে ২ শতাংশ হারে ৭২ লাখ টাকা জমার বাধ্যবাধকতা থাকলেও মান্না ইতিমধ্যে ১ কোটি ২৬ লাখ টাকা জমা দিয়েছেন। তবুও সিআইবিতে নাম থাকায় তিনি আদালতের শরণাপন্ন হন।

উল্লেখ্য, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মিত্রদলের নেতা হিসেবে বিএনপি ইতিমধ্যে এই আসনটি তাঁকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে।