উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার ক্লাবের দ্বিতীয়তলায় শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে দিনভর এ সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়ে দুপুরে মধ্যহ্নভোজের বিরতি দিয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। সাধারণ সভার শুরুতে ক্লাবের বিগত দিনে প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এরপর সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান সাধারণ সম্পাদকের লিখিত প্রতিবেদন পেশ করেন। কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব ও দপ্তর সম্পাদক তৌহিদ জামান দপ্তর সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। সাধারণ সম্পাদক তার প্রতিবেদন পেশকালে দৈনিক লোকসমাজের নির্বাহী সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলার নিন্দা জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকের রিপোর্ট পেশ করার পর উপস্থিত সাধারণ সদস্যদের এর ওপর উন্মুক্ত আলোচনার সুযোগ দেয়া হয়। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের পরিচালনায় এ সময় উপস্থিত ৮৭ জন সদস্যর মধ্যে মোট ৩২ জন সদস্য পেশকৃত প্রতিবেদন নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনায় অধিকাংশ সদস্য প্রেসক্লাবের সদস্যদের মর্যাদা সুরক্ষার পাশাপাশি পেশাদারিত্বের উৎকর্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দকে কার্যকর পদক্ষেপ নিতে আহবান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, ফকির শওকত, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু ও মনোতোষ বোস, সাবেক সম্পাদক আহসান কবির বাবু, মবিনুল ইসলাম মবিন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, রুহুল কুদ্দুস, আমিনুর রহমান মামুন, এইচ আর তুহিন, আকরামুজ্জামান, এম আইউব, বিএম আসাদ প্রমুখ।
সদস্যদের উন্মুক্ত আলোচনার পর সর্বস্মতিক্রমে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদকের রিপোর্ট অনুমোদিত হয়।
দ্বিবার্ষিক সাধারণ সভায় ট্রেজারি বেঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ও নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, নির্বাহী সদস্য শহিদ জয়, শিকদার খালিদ, ফিরোজ গাজী, সাজেদ রহমান বকুল, জাহিদুল কবির মিল্টন ও সফিক সাঈদ।
সাধারণ সভাকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় প্রেসক্লাবকে। আগামী ৩০ নভেম্বর প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।