উদ্ধার কিশোরী জানালো সে অপহৃত হয়নি মা-বাবর কাছে যেতে রাজি নয়

0

স্টাফ রিপোর্টার॥ আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টার মধ্যে যশোর থেকে কথিত অপহৃত কিশোরী (১৫)কে উদ্ধার করলো পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা। শনিবার সকালে তাকে আদালতে পাঠায় পিবিআই। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে কিশোরী। সে তার পিতামাতার হেফাজতে যেতে রাজি না হওয়ায় তাকে ঢাকা আহছানিয়া মিশনের শেল্টার হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
পিবিআই যশোরের অতিরিক্ত পুলিশ সুুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, যশোরে বিমানবন্দর স্কুলের নবম শ্রেণির এক ছাত্রী গত ৩০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে ক্যান্টনমেন্ট বাইপাস রোড়ের প্রয়াস নামক স্কুলের সামনে পৌছালে মাসুদ (২৫) নামে এক যুবক তাকে অপহরণ করে নিয়ে যায়। মাসুদ সদর উপজেলার নুরপুর এলাকার হাফিজুর খাঁর ছেলে। মাসুদের সাথে আরো ৩ জন ছিল। সংবাদ পেয়ে ওই মেয়ের পরিবারের সদস্যরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। আদালত ২৪ ঘণ্টার মধ্যে মেয়েটিকে উদ্ধার করার জন্য পিবিআইকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে পিবিআই ঝিনাইদহের কোটচাঁদপুর এবং যশোরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগে মেয়েটিকে উদ্ধার করে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, শনিবার ওই মেয়ে আদালতে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেছেন। জবানবন্দিতে মেয়েটি জানিয়েছে, মাসুদ তারা মামাতো ভাই। তিন মাস ধরে তাদের বাড়িতে রয়েছে মাসুদ। তার সাথে প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্রে সে নিজে মাসুদের সাথে চলে যায়। তাকে অপহরণ করেনি কেউ। তার বাবা মা তাকে নিজেদের জিম্মায় নিতে চাইলে মেয়েটি যেতে রাজি হয়নি। একারণে আদালত তাকে ঢাকা আহছানিয়া মিশনের শেল্টারহোমে পাঠিয়েছে।