ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোরে যৌথ অভিযান, জরিমানা ১৭ হাজার টাকা

অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে

0
ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা ফেরাতে যশোর-নড়াইল মহাসড়কে যৌথ অভিযান

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে যশোর-নড়াইল মহাসড়কে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকায় জেলা প্রশাসন, যশোর ও বিআরটিএ, যশোরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, অতিরিক্ত যাত্রী বহন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং ফিটনেসবিহীন যান চলাচল ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন দূরপাল্লার বাস, মিনিবাস ও যাত্রীবাহী পরিবহন থামিয়ে তাদের রুট পারমিট, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় কয়েকটি পরিবহনের কাগজপত্রে অসঙ্গতি ও অবৈধ রুট পারমিটের প্রমাণ পাওয়া যায়। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি পরিবহনকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানের সময় অনেক চালক ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ভবিষ্যতে আইন মেনে চলার অঙ্গীকার করেন।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ঈদকে ঘিরে প্রতিবছরই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, ঝুঁকিপূর্ণভাবে অতিরিক্ত যাত্রী বহন এবং ফিটনেসবিহীন যান চলাচলের অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়ম বন্ধে জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে মাঠে কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন যশোর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ও সোহাইব হাসান আকন্দ। প্রসিকিউশন পরিচালনা করেন বিআরটিএ যশোরের ইনস্পেক্টর মো. তারিক হাসান।

অভিযানকালে পরিবহন চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটরা বলেন, ঈদে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরেন। তাই যাত্রীদের সঙ্গে কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর সুযোগ নেই। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এ সময় যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অতিরিক্ত ভাড়া আদায় বা ফিটনেসবিহীন যানবাহন চলাচল দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের আগের দিনগুলোতে যশোর জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।