ইয়াবাসহ ফুলতলার স্বেচ্ছাসেবক লীগ নেতা ও অপর দুজন আটক

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার রাতে ২৫০পিস ইয়াবাসহ ফুলতলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফাহিম আহমেদ ওরফে সাগর গাজী (২৬)সহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, দৌলতপুর কৃষি কলেজ এলাকা থেকে ১৫০পিস ইয়াবাসহ ফাহিম আহমেদ ওরফে সাগর গাজীকে গ্রেফতার করা হয়। তিনি ফুলতলা উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা ও দামোদর গ্রামের মৃত লিটু গাজী ও খানজাহান আলী থানার আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগমের ছেলে। তবে সাগর গাজী দৌলতপুর কলেজ গেট এলাকার সোলাইমান সরদারের বাড়ির ভাড়াটিয়া বলে পুলিশকে জানিয়েছেন। এছাড়া ৫০ পিস ইয়াবাসহ ফরহাদ হোসেন দারা (৪২)- কে একই এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি দৌলতপুর কৃষি কলেজ গেট এলাকার মৃত সরদার সোলাইমান হোসেনের ছেলে। এছাড়া গোয়েন্দা পুলিশ কুয়েট গেট এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ নড়াইল সদরের বাগডাঙ্গা গ্রামের মৃত সৈয়দ রবিউল ইসলামের ছেলে সৈয়দ তৌফিকুজ্জামান ওরফে সৌরভ (২৭) কে গ্রেফতার করে। এ ব্যাপারে দৌলতপুর ও খানজাহান আলী থানায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।