ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ

0
ওকিনাওয়া ঘাঁটি থেকে ইউএসএস ত্রিপোলি যুদ্ধজাহাজে আরোহণ করছেন ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এবার সরাসরি অংশ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্থলবাহিনী। প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল ইরানের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছে। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই সদস্যরা এখন গন্তব্যস্থলের পথে রয়েছেন বলে জানা গেছে।

আল-জাজিরার বরাতে পাওয়া তথ্যমতে, মেরিন সেনাদের এই বিশাল বহরের সঙ্গে রয়েছে অত্যাধুনিক ‘উভচর’ যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’। এই বিশেষ যুদ্ধজাহাজটি সমুদ্র ও স্থল—উভয় পথেই সেনা নামাতে সক্ষম। রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইউনিটটিকে ইরানের নির্দিষ্ট কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে কিংবা যে কোনো বড় ধরনের সংকট মোকাবিলায় সরাসরি রণক্ষেত্রে মোতায়েন করা হতে পারে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, মেরিন সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। সাগরে থাকা রণতরি ও আকাশে যুদ্ধবিমানের পর এবার স্থলসেনা পাঠানোর মধ্য দিয়ে এটি স্পষ্ট যে, ওয়াশিংটন খুব দ্রুত এই যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা করছে না। এর ফলে মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।