ইরান যুদ্ধের মাঝেই মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত

0
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের মাঝেই মার্কিন সেনাপ্রধান র‍্যান্ডি জর্জ বরখাস্ত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির সেনাপ্রধান (চিফ অব স্টাফ) জেনারেল র‍্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, জেনারেল জর্জ সেনাবাহিনীর ৪১তম চিফ অব স্টাফের পদ থেকে অবসর গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক মনোনীত এই কর্মকর্তার চার বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। তার স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন প্রতিরক্ষা সচিবের সামরিক উপদেষ্টা জেনারেল ক্রিস্টোফার লানিভ।

মধ্যপ্রাচ্যে যখন মার্কিন সামরিক প্রস্তুতি তুঙ্গে এবং এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সৈন্য মোতায়েন রয়েছে, এমন যুদ্ধকালীন মুহূর্তে সেনাপ্রধানকে বরখাস্তের ঘটনাকে ‘নজিরবিহীন’ হিসেবে দেখছেন সামরিক পর্যবেক্ষকরা। জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করার পরপরই পেন্টাগনে এই অস্থিরতার ইঙ্গিত পাওয়া গেল।