ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

0
মোজতবা খামেনিকে স্বীকৃতি কিম জং উনের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের ভূখণ্ডে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই হামলাকে ‘অবৈধ’ হিসেবে অভিহিত করা হয়েছে। পিয়ংইয়ং স্পষ্টভাবে জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেহরানের ওপর এই আগ্রাসনের কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, “অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সরকারকে হেনস্তা করার জন্য এই ধরনের হুমকি ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে।”

একই বিবৃতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ কর্তৃক মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দেশটি। একে ‘ইরানি জনগণের চাওয়া’ হিসেবে বর্ণনা করে পিয়ংইয়ং জানায়, তারা তেহরানের এই নতুন নেতৃত্বকে শ্রদ্ধা জানায়। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা শক্তির বিরুদ্ধে উত্তর কোরিয়া ও ইরানের এই কৌশলগত ঐক্য মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।