ইরানের পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছেন ট্রাম্প: আরাঘচি

0
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানজুড়ে সপ্তাহব্যাপী চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও অস্থিরতার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং সরকারের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (১২ জানুয়ারি) তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই দাবি করেন। আরাঘচি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরাসরি সামরিক হস্তক্ষেপের ‘অজুহাত’ তৈরি করতে পরিকল্পিতভাবে এই আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার চেষ্টা করছেন।

বৈঠকে আরাঘচি স্পষ্ট ভাষায় বলেন, “আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি।” তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত সারা দেশে ইন্টারনেট পরিষেবা চালুর কাজ চলছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দূতাবাস ও মন্ত্রণালয়ে সংযোগ ফিরিয়ে দেওয়া হবে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দমনে ইরান সরকার কঠোর অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে অন্তত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। ট্রাম্পকে ইতিহাসখ্যাত অহংকারী শাসক ‘ফেরাউন ও নমরুদের’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, ক্ষমতার চূড়ায় থাকাকালীনই এসব স্বৈরশাসকের পতন হয়েছিল এবং ট্রাম্পের পতনও অনিবার্য। বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটনের সামরিক হুমকির মুখে তেহরান এখন একদিকে প্রতিরক্ষা প্রস্তুতি এবং অন্যদিকে কূটনৈতিক স্থিতিশীলতা প্রদর্শনের দ্বিমুখী কৌশল নিয়েছে।

সূত্র: আল জাজিরা