ইরাক থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

0
হোয়াইট হাউসের ওভাল অফিসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি।। ছবি: সংগৃহীত
ইরাক থেকে আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
এই সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে দীর্ঘ ২৩ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন উভয় দেশের কর্মকর্তারা।

২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র। সাদ্দাম সরকারের পতন ঘটলেও দেশটিতে রয়ে যান মার্কিন সেনারা। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ছেড়ে চলে আসবে। তবে সেনা প্রত্যাহার করা হলেও মার্কিন তেল কোম্পানিগুলো ইরাকে তাদের ক্রমবর্ধমান ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাবে বলে।

হোয়াইট হাউসে ইরাকি প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি না সেখানে (ইরাক) আমাদের সামরিক বাহিনী রাখার আর প্রয়োজন আছে’।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোতে হামলার দায় স্বীকার করেছিল।

এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসবিরোধী অভিযান শেষ করার জন্য ইরাকের সঙ্গে ২০২৪ সালে সই হওয়া দ্বিপাক্ষিক চুক্তির প্রতি তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। ওই চুক্তি স্বাক্ষরের সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল, যারা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধাপে ধাপে নিজ দেশে ফিরে আসবেন।