ইভেন্ট ব্যবসায়ীকে হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়েডিং টাচের মালিক আদিত্য অধিকারীকে ব্যবসায়িক মালামাল লুট ও পরিবারসহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতি, যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বুধবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বক্তারা জানান, গত ১৬ জুলাই সকালে মাগুরা জজ কোর্ট এলাকার ‘শ্রাবণী ডেকোরেটরের মালিক মাসুম বিল্লাহ মোবাইল ফোনে আদিত্য অধিকারীকে মাগুরায় কাজ করতে নিষেধ করেন।

এ সময় তিনি ব্যবসায়িক মালামাল লুট, মাগুরায় প্রবেশের ক্ষেত্রে বাধা প্রদান এবং আদিত্যকে পরিবারসহ হত্যার হুমকি দেন। পরবর্তীতে এই সংক্রান্ত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সুধীসমাজে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আদিত্য অধিকারী যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিষয়টির সুরাহার চেষ্টা করা হলে অভিযুক্ত মাসুম বিল্লাহ যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা এবং বাংলাদেশ সাউন্ড লাইট লজিস্টিকস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রবিউল ইসলাম গাজীকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

সমাবেশ থেকে অভিযুক্ত মাসুম বিল্লাহকে একজন প্রতারক ও লেবাসধারী হিসেবে চিহ্নিত করে তাকে অবিলম্বে সর্বসমক্ষে ক্ষমা চাওয়া এবং আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সাউন্ড লাইট মালিক কল্যাণ সমিতির সভাপতি শ্রী গোলক চন্দ্র দত্ত, সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি হারুন অর রশীদ বাচ্চু ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হীরা।

যশোর ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সুজন কুমার রায়, আহ্বায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব সাজেদুর রহমান অপু, সদস্য শিমুল ভূঁইয়া এবং ব্যবসায়ী সামিউল ইসলাম।

যশোর জেলা ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আকবর হোসেন, উপদেষ্টা সুজন কুমার রায়, প্রচার সম্পাদক কাজী আল মামুন ও সদস্য গুপ্ত সাহা।

এছাড়াও কর্মসূচিতে অভয়নগর মালিক সমিতির সভাপতি টিটো, কেশবপুর ডেকোরেটর কল্যাণ সমিতির সভাপতি মশিয়ার রহমান এবং ভুক্তভোগী ব্যবসায়ী আদিত্য অধিকারীসহ তিনটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন।