মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে বিএনপির দুদিনব্যাপী কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ গণতন্ত্রের মুক্তি, জনগণের ভোটাধিকার, মৌলিক ও মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠা এবং স্বাধীনতা, স্বার্বভৌমত্ব রক্ষার দৃপ্ত শপথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে যশোর জেলা বিএনপি। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও গণসংগীত। সূর্যোদয়ের সাথে সাথে জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রথমদিনের কর্মসূচির শুরু হয়। এরপর দলীয় কার্যালয় থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মনিহারস্থ বিজয় স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়। প্রথমে কেন্দ্রীয় বিএনপির পক্ষে অনিন্দ্য ইসলাম অমিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা বিএনপির পক্ষে আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও জেলা মহিলা দল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাঁতীদল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ পুষ্পার্ঘ অর্পণ করেন। গতকাল রোববার জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিকেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশিত হয়।