ইবিতে ছাত্রলীগ কর্মী আটক

0

ইবি সংবাদদাতা ॥ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়েছে। আটক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ বর্ষের আকিব মাসুদ।

রোববার দুপুর ১ টার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষার হলের সামনে থেকে ধরে প্রক্টরিয়াল বডির হেফাজতে নেওয়া হয় তাকে। পরে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ম্যানেজমেন্ট বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন আকিব। পরে দুপুর ১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করতে বিভাগের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় সোপর্দ করে।

শিক্ষার্থীদের অভিযোগ, আকিব গত বছরের ৫ আগস্টের পরে নিয়মিত ফেসবুকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে থাকা অবস্থায় জুনিয়র শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগ রয়েছে তারা বিরুদ্ধে।

আকিব মাসুদ বলেন, আমি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। আমার পরিবারও আওয়ামী লীগ করে। আমি এক সময় ছাত্রলীগের কর্মী ছিলাম। পরে শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। আমি এতোদিন ক্লাস-পরীক্ষা দিলেও কোনো সমস্যা হয়নি। আমি আগেও ক্লাস করেছি।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আগামীকাল আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।