ইটভাটার কালো ধোঁয়ায় ধানের ক্ষতি লোহাগড়ায়

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ঝিকড়া গ্রামে মাহির ব্রিকস’র (ইটভাটা) কালো ধোঁয়ার প্রভাবে পার্শ্ববর্তী প্রায় ২০ একর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
রোববার সকালে লোহাগড়ার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের সাবেক মেম্বার ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিকড়া গ্রামে শেখ ফেরদৌসের মালিকানাধীন মাহির ব্রিকস’র গ্যাসিয় চিন্নি থেকে বের হওয়া কালো গরম ধোঁয়ার তাপের কারণে পার্শ্ববর্তী প্রায় ২০ একর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এতে করে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা বিভিন্ন সংস্থা থেকে লোন নিয়ে ধান চাষ করেছিলেন। তারা লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি অবহিতসহ ধানের ক্ষতিসাধনের প্রতিকার চেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত কৃষক আমিরুল ইসলাম, নাসির উদ্দিন, হাবিবার শেখ, আমির খাঁন, বিধান রায়, রেজাউল করিম প্রমুখ।
এ বিষয়ে লক্ষীপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর মোহাম্মদ বলেন, ‘মাহির ব্রিকস’র কালো ধোঁয়ায় ধানের ক্ষতি হয়েছে এটা সত্য। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্যের জন্য সুপারিশ করেছি।’
এ ব্যাপারে বক্তব্য জানান জন্য অভিযুক্ত মাহির ব্রিকস’র মালিক শেখ ফেরদৌসের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।