ইউক্রেনের ১৩০০ সৈন্য নিহত, কিন্তু রাশিয়ার ক্ষতি অনেক বড় : জেলেনস্কি

0

লোকসমাজ ডেস্ক॥ রুশ বাহিনীর সাথে চলমান যুদ্ধের ১৭ দিনে ইউক্রেনের অন্তত এক হাজার ৩০০ সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তার দাবি, রাশিয়ার ৩১টি ট্যাকটিক্যাল ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় ক্ষতি বলে আখ্যায়িত করেছেন তিনি। শনিবার রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের সৈন্যদের প্রাণহানির এই তথ্য জানান তিনি। তবে আজ রাশিয়ার সৈন্য হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেননি তিনি। জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজার ৩০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন। জেলেনস্কির এই তথ্য নিরপক্ষেভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। বার্তাসংস্থা রয়টার্স বলেছে, পশ্চিমা সূত্রগুলোর ধারণা – একই সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রায় ৬ হাজার সৈন্য নিহত হয়েছেন।
এদিকে, শনিবার রাজধানী কিয়েভের উপকণ্ঠের ছোট ছোট শহরগুলোতে রুশ সৈন্যদের সঙ্গে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ভারী গোলাবর্ষণ, বিমান হামলার হুমকি এবং শহর ঘিরে ফেলার কারণে কিয়েভ ছাড়তে মরিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। জেলেনস্কি আরো বলেন, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান ট্যাক্টিক্যাল গ্রুপের ৩১টি ব্যাটালিয়নকে নিষ্ক্রিয় করায় রাশিয়া নতুন করে সৈন্য পাঠাচ্ছে। ব্যাটালিয়ন নিষ্ক্রিয় করার এই ঘটনাকে কয়েক দশকের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে ক্ষতি বলে অভিহিত করেছেন তিনি। জেলেনস্কি বলেন, শুধুমাত্র শুক্রবারই রাশিয়ার ৫০০-৬০০ সৈন্য আত্মসমর্পণ করেছে। শনিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাথে টেলিফোনে কথা বলেছেন জেলেনস্কি। টেলিফোনে আলাপকালে ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে রুশ সৈন্যরা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা এবং মেয়রকে মুক্তি দিতে রাশিয়ার প্রতি চাপপ্রয়োগে ম্যাক্রোঁ ও শোলৎজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।