আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

নুসরাত কাণ্ডের পর এবার পুকুর ভরাট

0

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী ফেনীর নুসরাত জাহান হত্যা মামলাকে কেন্দ্র করে চাকরিচ্যুত হওয়া আলোচিত পুলিশ ইন্সপেক্টর (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এবার আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। যশোরের চাঁচড়ায় নিজের পুকুর ভরাট করার দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার পরিবেশ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের রিসার্স অফিসার সৌমেন মৈত্র পরিবেশ সংরক্ষণ আইনে সদর আমলী আদালতে এই মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগ আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। আসামি মোয়াজ্জেম হোসেন চাঁচড়া ডালমিল এলাকার খোন্দকার আনসার আলীর ছেলে।

পরিবেশ অধিদফতরের রিসার্স অফিসার সৌমেন মৈত্র মামলায় উল্লেখ করেছেন, চাঁচড়া শিব মন্দিরের উত্তর পাশে যশোর বাইপাস সড়ক সংলগ্ন ১৩৫ শতক জমিতে অবস্থিত পুকুরের মালিক জনৈক আলমগীর সিদ্দিকী। তার কাছ থেকে ১৩৫ শতক পুকুরের মধ্যে ১০ শতক ক্রয় করেছেন মোয়াজ্জেম হোসেন। জমি ক্রয়ের পর তিনি নিজ অংশের পুকুর ভরাট করে ফেলেছেন। চলতি বছরের ২৩ এপ্রিল পরিবেশ অধিদফতর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালকের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর ভরাটের সত্যতা পান। পরিবেশ সংরক্ষণ আইন-২০০০ এর ৫ ধারায় জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্যভাবে শ্রেণি পরিবর্তন করা অপরাধ।

এ কারণে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। মামলায় আরো উল্লেখ করা হয়, অনুসন্ধান করে পরিবেশ অধিদফতর জানতে পেরেছে, মোয়াজ্জেম হোসেন পুলিশ ইনসপেক্টর পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালে ফেনীর সোনাগাছি থানায় কর্মরত থাকা অবস্থায় আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যা মামলাকে কেন্দ্র করে উদ্ভূত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি চাকরিচ্যুৎ হন। এছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি আটক হয়েছিলেন।