আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’–এর ঠিকানা হচ্ছে চিড়িয়াখানা

0
আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে কেরানীগঞ্জ থানায় নেওয়ার জন্য ট্রাকে ওঠানো হচ্ছে।। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোরবানির ঈদের আগের দিন বুধবার বিকেলে মহিষটিকে কিনে নেওয়া কেরানীগঞ্জের মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ মহিষটি নিয়ে যায়। এখন মহিষটিকে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিশ্চিত করেছেন।

মাথায় ঢেউখেলানো গোলাপি রঙের চুলের এই অ্যালবিনো মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে মহিষটি লালন-পালন করা হচ্ছিল। জিয়াউদ্দিন জানান, মহিষটির ‘অসাধারণ চুল’ দেখে তাঁর ভাই ট্রাম্পের নামানুসারে নামটি রেখেছিলেন। চার বছর বয়সী মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি।

মে মাসজুড়ে মহিষটিকে দেখতে দলে দলে মানুষ ছুটে যান খামারে। গত ১২ মে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট এবং বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সসহ আন্তর্জাতিক মিডিয়ায় মহিষটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

কোরবানির ঈদ সামনে রেখে সোমবার নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন ক্রেতা মনিরুজ্জামান। খামারে লালগালিচা বিছিয়ে ও রঙিন ধোঁয়া উড়িয়ে রাজকীয় সাজে মহিষটিকে বিদায় জানানো হয়। তবে বুধবার বিকেল চারটার দিকে কেরানীগঞ্জ জেলা পুলিশের একজন কর্মকর্তা মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হন এবং জানান, ওপর থেকে নির্দেশ এসেছে মহিষটি কোরবানি করা যাবে না। পরে মনিরুজ্জামান মহিষটিকে কেরানীগঞ্জ থানায় পৌঁছে দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, মহিষটি একটি বিরল প্রজাতির হওয়ায় সরকার এটি সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত পশুটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু প্রাণিসম্পদ অধিদপ্তরকে যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার নির্দেশনা দিয়েছেন।

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমান জানান, মহিষটিকে গ্রহণ করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল ফটকে জীবাণুনাশক ছিটানো ও বড় শেডে রাখার ব্যবস্থা করা হয়েছে। দুই সপ্তাহ কোয়ারেন্টিনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। মহিষটিকে ছোলা ও ভুট্টা খাওয়ানো হবে, তবে পরিমাণে একটু বেশি লাগবে বলেও জানান তিনি।

মহিষটির বিরল সাদা রঙের কারণ ব্যাখ্যা করে ডা. আতিকুর বলেন, একই বংশের মধ্যে প্রজনন হলে এমন হওয়ার সম্ভাবনা থাকে। শরীরে রঞ্জক পদার্থ মেলানিন কম থাকলে মহিষ কালো না হয়ে সাদা হয়। প্রতি ১০ হাজারের মধ্যে একটি এমন হতে পারে।

মহিষ সরিয়ে নেওয়ার বিষয়ে মনিরুজ্জামান জানান, সরকার তাঁকে বাজারমূল্য অনুযায়ী অর্থ দেবে, নইলে কোরবানির জন্য গরু দেবে বলে আশ্বাস দিয়েছে।