আর্ন্তজাতিক সংবাদ

0

ইমরান খানের বিরুদ্ধে উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগ
লোকসমাজ ডেস্ক॥ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অন্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ১০ লাখ মার্কিন ডলারের একটি ঘড়িও রয়েছে। বুধবার এমনই অভিযোগ করা হয়েছে পাকিস্তানের কয়েকটি বিরোধী দলের পক্ষ থেকে। খবর: দ্য টাইমস অব ইন্ডিয়া। বিশ্বব্যাপী রাষ্ট্রীয় সফরকালে সংবিধানসম্মত পদে অধিষ্ঠিত রাষ্ট্রপ্রধান বা কর্মকর্তাদের মধ্যে নিয়মিতভাবে উপহার বিনিময় হয়ে থাকে। গিফট ডিপোজিটরি (তোশাখানা) নিয়ম অনুসারে, এ উপহারগুলো খোলা নিলামে বিক্রি না হওয়া পর্যন্ত রাজ্যের সম্পত্তি হিসাবে বিবেচিত হয়। পিএমএল-এন-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ উর্দুতে করা টুইটে লেখেন, ইমরান খান অন্যান্য দেশ থেকে পাওয়া উপহার বিক্রি করেছেন। মরিয়ম প্রশ্ন ছুড়ে দেন, ‘খলিফা হযরত ওমর (রা.) তাঁর জামা এবং পোশাকের জন্য দায়বদ্ধ ছিলেন এবং অন্যদিকে আপনি (ইমরান খান) তোশাখানা থেকে বিদেশি উপহার লুটে নেন। অথচ আপনি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেন! একজন ব্যক্তি কিভাবে এতটা অসংবেদনশীল, বধির, বোবা এবং অন্ধ হতে পারে?!’ বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সভাপতি মাওলানা ফজলুর রেহমান বলেছেন, এমন খবর রয়েছে যে প্রধানমন্ত্রী খান একজন রাজপুত্রের কাছ থেকে পাওয়া একটি মূল্যবান ঘড়ি বিক্রি করেছেন। তিনি বলেন, এটা লজ্জাজনক। একটি উপসাগরীয় দেশের রাজপুত্র খানকে ১০ লাখ মার্কিন ডলার মূল্যের একটি ঘড়ি উপহার দিয়েছেন মর্মে একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘড়িটি দুবাইতে বিক্রি করা হয় এবং প্রধানমন্ত্রীকে ১০ লাখ ডলার দেওয়া হয় বলে অভিযোগ। আরো দুঃখজনক বিষয় হলো, ওই রাজপুত্র জেনে ফেলেন যে প্রধানমন্ত্রী ইমরান খান ঘড়িটি বিক্রি করে দিয়েছেন। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার বিক্রির অভিযোগে পাকিস্তানের মানহানি হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক যোগাযোগ) ডা. শাহবাজ গিল বলেন, সাধারণত প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রীয় তোশাখানাতে এ ধরনের উপহার জমা করেন। যদি তিনি সেগুলো তাঁর কাছে রাখতে চান, তবে তাকে এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে’।

বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে ১১৬ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক॥ ভারত ও নেপালে কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আরও অনেক নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।ভারতের উত্তরাঞ্চলীয় উত্তরাখন্ডের কর্মকর্তারা বলেছেন, গত কয়েক দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছে ও ১১ জন নিখোঁজ রয়েছে। দক্ষিণের রাজ্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বলেছেন, সেখানে ৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রবল বৃষ্টি ও কয়েক দফা ভূমিধসে মঙ্গলবার ভোরে নৈনিতাল অঞ্চলে পৃথক ৭টি ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে, বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে। স্থানীয় কর্মকর্তা প্রদীপ জৈন বার্তা সংস্থা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে ৫ জন একই পরিবারের, ব্যাপক ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকলা পান্ডে বলেন, গত তিন দিন ধরে প্রবল বর্ষণের পলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৩ জন নিখোঁজ রয়েছে। তিনি বলেন, ‘এখনো বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আমরা এসব এলাকা থেকে তথ্য সংগ্রহ করছি। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম আনছেন ট্রাম্প
লোকসমাজ ডেস্ক॥ ‘ট্রুথ সোশ্যাল’ নামে নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই প্ল্যাটফর্মটি ‘বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াবে’ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে বিরোধী মতকে ‘চুপ করিয়ে দিচ্ছে’। ট্রাম্পের প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ টিএমটিজি’ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক ছাড়াও তারা একটি ভিডিও-অন-ডিমান্ড সার্ভিস সাবস্ক্রিপশন চালু করার কথা ভাবছে। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গায় উস্কানিমূলক পোস্ট দেয়ার কারণে ট্রাম্পকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছিল ফেসবুক। গত ৬-ই জানুয়ারি ট্রাম্প সমর্থকদের ওই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ফেসবুক কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নেয়, ট্রাম্প ২০২৩ সাল পর্যন্ত ফেসবুক ও ইন্সটাগ্রাম একাউন্ট ব্যবহার করতে পারবেন না। একই সময়ে টুইটারও তাকে নিষিদ্ধ করে এবং তার অ্যাকাউন্ট স্থগিত করে। টুইটার ঘোষণা দেয়, সহিংসতায় আরও উস্কানি দেয়ার আশঙ্কায় ট্রাম্পের অ্যাকাউন্ট- ‘অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গত ১০ বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন ট্রাম্প। টুইটারে প্রায় ৯ কোটি অনুসারী ছিল সাবেক এই প্রেসিডেন্টের। মূলত ওই সময় থেকেই ট্রাম্প ও তার উপদেষ্টারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে তারা ভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট চালু করবেন।