আবার এসে ধরা পড়লো প্রতারক

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের সোনালী ব্যাংক শাখা থেকে মিন্ট শেখ (৩৯) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় সেলিম শেখ নামে তার এক সহযোগী পালিয়ে যায়।

মঙ্গলবার অফিস চলাকালীন বাগআঁচড়া সোনালী ব্যাংক শাখা থেকে তাকে আটক করে কর্তৃপক্ষ। আটকের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

আটক মিন্টু শেখ খুলনা জেলার রূপসা থানার দেয়াড়া গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তার সহযোগী সেলিম শেখ একই জেলার হোগলাডাঙ্গা গ্রামের রফিক শেখের ছেলে।

সোনালী ব্যাংকের ম্যানেজার মোতাছিম বিল্লা মিঠু লোকসমাজকে জানান, গত ২৯ এপ্রিল ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী আলিফ লায়লা সোনালী ব্যাংক বাগআঁচড়া শাখা থেকে তার ডিপিএস ভাঙিয়ে ২ লাখ ৭৮ হাজার টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে এই চক্রটি তার গায়ে বমি করে দেয়। পরে দুঃখ প্রকাশ করে তা পরিষ্কার করে দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে আলিফ লায়লা ব্যাংকে এসে ঘটনাটি ম্যানেজারকে জানালে সিসি টিভি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। এসময় লায়লা এদের শনাক্ত করেন।

মঙ্গলবার দুপুরে প্রতারকরা আবারো ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে তাদের আটক করা হয়।

এ সময় সিসি টিভি ক্যামেরার ছবি দেখে নিশ্চিত হওয়ার পর তাদের পুলিশের হতে তুলে দেওয়া হয়। এ সময় সেলিম শেখ নামে একজন পালিয়ে যায়।

আলিফ লায়লা জানান, এই লোক ও সাথে থাকা দুইজন তার গায়ে বমি করে। পরে টিউবওয়েল এর পানিতে পরিষ্কার করতে গেলে তারা কল চেপে দিতে দিতে টাকা নিয়ে পালিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি টাকা নেওয়ার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সদস্যদের আটকের জন্য চেষ্টা করা হবে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।