বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

0
সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন ।। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে বিদায় নিলেও দক্ষিণ এশীয় ফুটবলে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন কাজী সালাহউদ্দিন।

শনিবার ভুটানের থিম্পুতে আয়োজিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) কংগ্রেসে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক এই তারকা ফুটবলার। এর মাধ্যমে ২০০৯ সাল থেকে শুরু করে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদটি নিজের দখলে রাখলেন তিনি।

২০২৪ সালে দেশে সরকার পরিবর্তনের পর বাফুফেতে সালাহউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের অধ্যায়ের ইতি ঘটেছিল। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে বাফুফের বর্তমান কমিটি তাঁকে সমর্থন দেওয়ার পক্ষে ছিল না। তবে বাফুফের সমর্থনের অপেক্ষা না করে সালাহউদ্দিন নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজের প্রার্থিতা নিশ্চিত করেন।

মূলত সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমা (৭০ বছর) ও সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরই তাঁর পুনঃনির্বাচনের পথ পরিষ্কার হয়ে যায়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁর জয় আগেই নিশ্চিত ছিল, শনিবার থিম্পুতে স্রেফ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পুনরায় নির্বাচিত হওয়ার পর ভুটানের থিম্পু থেকে প্রতিক্রিয়া জানিয়ে কাজী সালাহউদ্দিন বলেন, “নেপাল ও ভুটানের প্রস্তাবনা আর সমর্থনে আমি এবার প্রার্থী হই। অন্যদের আমার ওপর আস্থা ছিল বলে আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তাই আবারও নির্বাচিত হতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “সাফের কার্যক্রম আগের চেয়ে অনেক বেড়েছে। এই গতিটা ধরে রাখা হবে আমার কাজ। একই সঙ্গে সাফকে আরও এগিয়ে নিতে চাই।”

এদিকে, আজকের এই কগ্রেসেই বাফুফের বর্তমান সহসভাপতি সাব্বির আহমেদ আরেফকে সাফের নতুন নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া সাফের ড্র কার্যক্রম নিয়ে জানা গেছে, ফিফার নিষেধাজ্ঞার কারণে এই মুহূর্তে নেপালকে ড্রয়ের বাইরে রাখা হচ্ছে। কংগ্রেসে তাদের আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

কাজী সালাহউদ্দিন আশা প্রকাশ করেছেন যে, দ্রুতই নিষেধাজ্ঞা মুক্ত হয়ে আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফে অংশ নেবে নেপাল। সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্বাগতিক বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে তারা।