আফ্রিকার স্বর্ণ উত্তোলন কেন্দ্র হতে চায় নাইজেরিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলে স্বর্ণ উত্তোলন ও বেচাকেনার সবচেয়ে বড় কেন্দ্র বা হাব হিসেবে আত্মপ্রকাশ করতে আগ্রহী নাইজেরিয়া। এ লক্ষ্য পূরণে বিশদ পরিকল্পনা এগিয়ে নিচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ এ দেশটি। রফতানি খাতে বৈচিত্র্য আনা, জাতীয় আয় বৃদ্ধি ও বিপুল তরুণ জনগোষ্ঠীকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে স্বর্ণ শিল্পে জোর দেয়া হচ্ছে বলে জানান নাইজেরিয়ার খনিজ ও ইস্পাত উন্নয়নবিষয়ক মন্ত্রী ওলামিলেকান আদেগবাইট। খবর সিনহুয়া ও মাইনিংডটকম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাইজেরিয়ার এ মন্ত্রী বলেন, নাইজেরিয়ার অর্থনীতির অন্যতম ভিত্তি অপরিশোধিত জ্বালানি তেল রফতানি। এখন রফতানি খাতে বৈচিত্র্য আনতে স্বর্ণের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে স্বর্ণ শিল্প জাতীয় আয় বৃদ্ধি ও তরুণদের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে। আগামী দিনগুলোয় পশ্চিম আফ্রিকার স্বর্ণ শিল্পের কেন্দ্র হবে নাইজেরিয়া।
স্বর্ণ শিল্পের উন্নয়নে ২০১৬ সালে হাতে নেয়া এক রোডম্যাপে বলা হয়েছে, নাইজেরিয়ায় মূল্যবান ধাতুটির মজুদ আছে প্রায় ২০ কোটি আউন্স। এর মধ্যে সাকল্যে ১ লাখ ৪০ হাজার আউন্স কাজে লাগাতে পেরেছে নাইজেরিয়া। এখন মূল্যবান ধাতুটির উত্তোলন ও পরিশোধন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য দুটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হয়েছে। তারা স্বর্ণ উত্তোলন ও পরিশোধন করে লন্ডনের বাজারে বিক্রি করবে।
একই সঙ্গে রাজস্ব খাতে লোকসান এড়াতে স্বর্ণের অবৈধ উত্তোলন বন্ধ করতে কঠোর নীতি নিয়েছে নাইজেরিয়া সরকার।