আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না

0
নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিলের হয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাঠ ছাড়ার মুহূর্তে আবেগপ্রবণ নেইমার।। ছবি: সংগৃহীত
ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে অবসরের চূড়ান্ত ঘোষণা দিয়েছেন দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার।
বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের বিপক্ষে হারের পর অবসরের যে ইঙ্গিত তিনি দিয়েছিলেন, কোপা সুদামেরিকানার ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সেই সিদ্ধান্ত স্পষ্ট করে আন্তর্জাতিক ফুটবলে নিজের অধ্যায়ের ইতি টানলেন ৩৪ বছর বয়সী এই তারকা।

সম্প্রতি সাও পাওলোর উইঙ্গার লুকাস মউরা এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন যে, নেইমার ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের প্রতিনিধিত্ব করবেন। তবে কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফে ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ ব্যবধানে জয়ের পর মিক্সড জোনে দাঁড়ানো নেইমার সেই আশাকে নাকচ করে দেন।

মউরাকে ধন্যবাদ জানিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে জাতীয় দলে তাঁর সময় শেষ হয়ে গেছে।

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নেইমার বলেন, জাতীয় দলের হয়ে তিনি ইতিহাস গড়েছেন এবং অত্যন্ত সুখী ছিলেন। হলুদ জার্সি গায়ে প্রতিবার মাঠে নেমে নিজের জীবন ও রক্ত উজাড় করে লড়াই করেছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছা আর তাঁর নেই বলে প্রকাশ্যে জানান ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

উল্লেখ্য, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্রাজিলের জার্সিতে অভিষেক ঘটেছিল নেইমারের। আর সেই একই মাঠে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয় ব্রাজিল।

দেশের হয়ে ১৩০ ম্যাচে ৮০টি গোল করা নেইমারের হলুদ জার্সিতে শেষ গোলটি এসেছিল ওই ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে। দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ে অবশেষে ব্রাজিলের হলুদ জার্সিকে চিরতরে বিদায় জানালেন এই তারকা।