আদালত থেকে ফেরার পথে মারধরের শিকার এক নারী

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ আদালত থেকে বাড়ি ফেরার পথে গত মঙ্গলবার বিকেলে যশোর শহরের শংকরপুর বটতলা মসজিদ এলাকায় বিলকিছ বেগম নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মৃত মেয়ে সুরাইয়া আক্তার সিনথিয়ার স্বামী আলআমিন ও তার সহযোগী মুস্তাক বিশ্বাস তাকে মারধর করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী হারুন বিশ্বাস বুধবার কোতয়ালি থানায় মামলা করেছেন। তিনি ঝিকরগাছা উপজেলার মঠবাড়ি গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে।

আসামিরা হলেন, মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের শুকুর আলীর ছেলে আলামিন ও অভয়নগর উপজেলার একতারপুর তালতলা এলাকার জমির আলীর ছেলে মুস্তাক বিশ্বাস।

মামলায় হারুন বিশ্বাস উল্লেখ করেছেন, অভিযুক্ত আলামিনের সাথে তার মেয়ে সিনথিয়ার বিয়ে দেওয়া হয়েছিলো। গত ৩০ জুলাই অভিযুক্ত আলামিন তাদের ফোন করে জানান, সিনথিয়া আত্মহত্যা করেছেন। কিন্তু মেয়ের মৃত্যু সন্দেহজনক হওয়ায় তারা আলামিন এবং তার পিতামাতার বিরুদ্ধে আদালতে মামলা করেন।

গত মঙ্গলবার হারুন বিশ্বাসের স্ত্রী বিলকিছ বেগম আদালতে মামলা সংক্রান্ত কাজ শেষে রিকশায় করে যশোর শহরের শংকরপুর বাসটার্মিনালে আসছিলেন। পথে শংকরপুর বটতলা মসজিদ এলাকায় পৌঁছালে অভিযুক্ত আলামিন ও মুস্তাক বিশ্বাস মোটরসাইকেলে করে সেখানে আসেন।

এ সময় তারা রিকশার গতিরোধ করে হারুন বিশ্বাসের স্ত্রী বিলকিছ বেগমের ওপর চড়াও হন। তারা বিলকিছ বেগমকে ছুরিকাঘাত করে কাছে থাকা স্বর্ণের ১টি চেইন, ১টি মোবাইল ফোনসেট ও নগদ ২৫ হাজার ৭শ টাকা নিয়ে পালিয়ে যান।