আজ বঙ্গভবন ছাড়ছেন বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসা নিতে যাচ্ছেন বিদেশে

0
বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ।। ছবি: সংগৃহীত
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর অবশেষে বঙ্গভবন ত্যাগ করছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন ছেড়ে তিনি সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠতে যাচ্ছেন। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে শিগগিরই তাঁর বিদেশে যাওয়ার কথা রয়েছে।

জটিল হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনিজনিত সমস্যায় ভুগতে থাকা মো. সাহাবুদ্দিন সম্প্রতি বাইপাস সার্জারির পর ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামক বিরল রোগে আক্রান্ত হন। এর ফলে তিনি মাঝেমধ্যেই স্বল্প সময়ের জন্য চেতনা হারিয়ে ফেলেন।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শক্রমে তিনি এবং তাঁর অসুস্থ স্ত্রী রেবেকা সুলতানা চিকিৎসার জন্য ব্যাংকক অথবা সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বঙ্গভবন ত্যাগের আগাম প্রস্তুতি হিসেবে বেশ কয়েকদিন ধরেই তাঁর ব্যক্তিগত জিনিসপত্র গুলশানের বাড়িতে সরিয়ে নেওয়া হচ্ছিল।

অন্যদিকে, দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তিনি বঙ্গভবনে বাস না করে জাতীয় সংসদ প্রাঙ্গণে তাঁর সরকারি বাসভবনেই অবস্থান করবেন, তবে অফিস সংক্রান্ত দাপ্তরিক কাজ পরিচালনা করবেন বঙ্গভবনে।

ইতোমধ্যে সংসদ প্রাঙ্গণে তাঁর বাসভবনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র এবং বিএনপি নেতারা জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হবে এবং সেপ্টেম্বরেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। নতুন প্রার্থী দলীয় হবে নাকি বাইরে থেকে আনা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি।