মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করল ভারত

১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের গুরুত্ব তুলে ধরে তাঁকে বাংলাদেশের অন্যতম সাহসী সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।

0

লোকসমাজ ডেস্ক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করেছে ভারত। একই সঙ্গে ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের গুরুত্ব তুলে ধরে তাঁকে বাংলাদেশের অন্যতম সাহসী সন্তান হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ১৯৭১ সালের মার্চে জিয়াউর রহমানের দেওয়া বিখ্যাত বেতার ভাষণ জনসাধারণকে উদ্দীপ্ত করেছিল এবং পাকিস্তানি দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অনুপ্রাণিত করেছিল। সেই আহ্বান স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং জাতীয় মুক্তির পথকে সুগম করে।

বার্তায় বলা হয়, “বাংলাদেশের মানুষ আজ তাদের জাতির অন্যতম সাহসী সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করছে। আমরাও ১৯৭১ সালের মার্চে দেওয়া তাঁর ঐতিহাসিক বেতার ভাষণের কথা স্মরণ করছি।”

ভারতীয় হাইকমিশন আরও উল্লেখ করে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের সেই ভাষণ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং প্রতিরোধ আন্দোলনের জন্য অনুপ্রেরণার উৎসে পরিণত হয়েছিল।

প্রতিবেশী দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের প্রসঙ্গ তুলে বার্তায় বলা হয়, মুক্তিযুদ্ধের সময় যেমন ভারত বাংলাদেশের জনগণের পাশে ছিল, আজও তেমনি দুই দেশের জনগণের বন্ধন অটুট রয়েছে।

বার্তায় আরও বলা হয়, “যৌথ ত্যাগের ইতিহাস এবং দুই দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে রাজনৈতিক সফরকালে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন।