আজ থেকে নেই তেলের রেশনিং; চাহিদামতো জ্বালানি পাবেন গ্রাহকরা

0
সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি তেল বিক্রির রেশনিং তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হওয়া জ্বালানি তেলের সরবরাহ সংকট কাটিয়ে উঠতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার থেকে দেশের সকল ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির ওপর আরোপিত সকল বিধিনিষেধ বা রেশনিং তুলে নেওয়া হয়েছে। এখন থেকে মোটরযান মালিক ও কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী চাহিদামতো পেট্রল, অকটেন ও ডিজেল কিনতে পারবেন।

রোববার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই ঘোষণা দেন। তিনি বলেন, “ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি লাঘব এবং সেচ মৌসুমে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে তেল বিক্রিতে কোনো সীমা থাকছে না।”

তিনি আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং প্রয়োজনে সরাসরি প্রক্রিয়ায় তেল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।

উল্লেখ্য, বৈশ্বিক অস্থিরতায় অস্বাভাবিক বিক্রি ঠেকাতে গত ৬ মার্চ থেকে তেল সরবরাহে সীমা বেঁধে দিয়েছিল সরকার। তবে চাহিদামতো তেল না পেয়ে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশন মালিকদের অসন্তোষ ও ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের হুমকির মুখে এই সিদ্ধান্ত এল।

বিপিসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ২ লাখ টন ডিজেল মজুত আছে এবং চলতি মাসে ধাপে ধাপে আরও ১৮টি তেলের জাহাজ আসার কথা রয়েছে। তবে আমদানিনির্ভর ডিজেল ও অকটেন নিয়ে দুশ্চিন্তা থাকলেও দেশীয় উৎস থেকে পেট্রল উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি বিভাগ।