আজ্ঞাবহ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ১২ দলীয় জোট

0

লোকসমাজ ডেস্ক॥ আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠুভাবে ভোট ডাকাতি হয়, সুষ্ঠু নির্বাচন হয় না। তাই দলীয় সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুগপৎ আন্দোলনে থাকা সমমনা শরিক দলের নেতারা। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোট আয়োজিত আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও ১ দফা যুগপৎ আন্দোলনের দাবিতে এক আলোচনা সভায় সমমনা শরিক দলের নেতারা এসব কথা বলেন। নেতারা বলেন, সম্প্রতি লক্ষ্মীপুর উপনির্বাচনে আওয়ামী লীগের এক নেতা নৌকা মার্কার ব্যালটে ৫৭ সেকেন্ডে ৪৭টি ব্যালটে সিল মেরে রেকর্ড করেছেন। আগামী নির্বাচনে এই সরকার আরো ভয়ংকর নির্বাচন করতে চায়। আর ২০১৪ ও ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন এই সরকারের অধীনে হতে দেয়া হবে না। নেতৃবৃন্দ দেশবাসী ও সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, স্বৈরাচারী শাসককে আর বিশ্বাস করা যায় না। এই সরকার বিগত পনেরো বছর ধরে দেশ এবং দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাই যে দল বা ব্যক্তি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।
সরকারের উদ্দেশে নেতারা বলেন, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। ২৮শে অক্টোবরের সমাবেশের উপর হামলা সরকারের পূর্বপরিকল্পিত।
অবিলম্বে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এড. সৈয়দ এহসানুল হুদাকে সাদা পোশাকে গাড়িতে তুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এহসানুল হুদার সন্ধান দিয়ে তাকে দ্রুত মুক্তি দিন। মনে রাখবেন গ্রেপ্তার করে ১২ দলীয় জোটকে ভাঙা যাবে না। ১২ দলীয় জোট অটুট আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব তমিজউদদীন টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের মুখপাত্র মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সভাপতি – ভিপি নূরুল হক নুর, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন প্রমুখ ।