আগামী বছরেও শেষ হচ্ছে না করোনা মহামারি

0

লোকসমাজ ডেস্ক॥ ২০২৪ সালের দিকে সম্ভবত শেষ হতে পারে এই মহামারি। শনিবার টিকা উন্নয়নকারী প্রতিষ্ঠান ফাইজার এ তথ্য জানিয়েছে।
মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি এমন সময় এ পূর্বাভাস দিলো যখন করোনার সংক্রমণ কমাতে ইউরোপীয় দেশগুলো আরও ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক বিধিনিষেধ ঘোষণা করতে যাচ্ছে। এর মধ্যেই গবেষণায় দেখা গেছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর পূর্বসূরি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে পাঁচ গুণ বেশি সংক্রামক।
ফাইজারের নির্বাহীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস ২০২৪ সালের মধ্যে এই রোগটি স্থানীয় পর্যায়ের হয়ে যাবে, যার অর্থ এটি আর মহামারি হবে না। তাদের অনুমান ‘কোভিড ২০২৪ সালের মধ্যে সম্ভাব্য স্থানীয় অবস্থায় রূপ নেবে।’
এদিকে, ইমপেরিয়াল কলেজ লন্ডন তাদের গবেষণায় জানিয়েছে, ওমিক্রনে পুনরায় সংক্রমণের ঝুঁকির হার ৫ দশমিক ৪ গুণ বেশি। এর উপসর্গগুলো ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের তুলনায় হালকা নয়।