আখেরি মোনাজাতে শেষ হলো যশোর জেলা ইজতেমা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি, বয়ান ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। রোববার বেলা সাড়ে ১১টায় উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এতে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় এক লাখ মুসল্লি অংশ নেন।

তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীর (নিজামুদ্দিন মারকায) অনুসারীদের উদ্যোগে এ জেলা ইজতেমার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী এ সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের উপস্থিতিতে উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।

ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন পাকিস্তান তাবলিগ জামাতের আমির সামিউল্লাহ খান। এর আগে তার দেওয়া বয়ান বাংলায় অনুবাদ করেন কাকরাইল মারকাযের মুকিম মাওলানা সাইফুল্লাহ বিন নুর। মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা গভীর মনোযোগ ও ধর্মীয় আবেগ নিয়ে দোয়ায় শরিক হন।

গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এবারের জেলা ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে ধর্মীয় বয়ান ও নসিহত পেশ করা হয়। এসব বয়ানে ঈমান-আমলের গুরুত্ব, দ্বীনের সঠিক শিক্ষা অর্জন, নামাজ প্রতিষ্ঠা, ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের অনুশাসন অনুসরণ এবং মানুষের মধ্যে দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ইজতেমায় বয়ান পেশ করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হাসানুল হায়দার, মুফতি ওসামা, মাওলানা শফিউর রহমান শফি, মাওলানা আব্দুর রহমান ও মুফতি মোস্তাফিজুর রহমান। তাদের বয়ানে দ্বীনি শিক্ষা, আত্মশুদ্ধি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, পার্থিব ব্যস্ততার বাইরে এসে দ্বীনের সঠিক শিক্ষা অর্জন, ঈমান ও আমল মজবুত করা, ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যেই তারা এ সমাবেশে যোগ দিয়েছেন। পাশাপাশি নিজেদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে অংশ নেন তারা।

ইজতেমা শেষে দাওয়াতি কাজে বের হওয়ার প্রস্তুতি নেন মুসল্লিদের একটি অংশ। ইজতেমার জিম্মাদার এসএম ইয়ামিনুর রহমান বলেন, ১০ থেকে ১৫ জন সদস্য নিয়ে গঠিত প্রায় ৪০টি জামাত দেশের বিভিন্ন প্রান্তে ৪১ দিনের চিল্লায় বের হয়েছে। এ ছাড়া অনেক মুসল্লি চার থেকে ছয় মাসের জন্য দাওয়াতি কাজে সময় ব্যয় করার প্রস্তুতি নিয়েছেন। তাদের লক্ষ্য বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া এবং ধর্মীয় শিক্ষা ও অনুশীলনে উৎসাহিত করা।

ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকেরা। জিম্মাদার ইয়ামিনুর রহমান বলেন, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা সম্পন্ন হয়েছে।

আয়োজক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাজু বলেন, মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি স্থানীয় চৌকিদার এবং তাবলিগ জামাতের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত তারা শৃঙ্খলা বজায় রাখা ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে কাজ করেছেন। ফলে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

তিন দিনের ধর্মীয় আয়োজন শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যান মুসল্লিরা। ইজতেমা থেকে অর্জিত ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের প্রত্যয় নিয়ে অনেকেই নতুন করে দ্বীনি কাজে আত্মনিয়োগের প্রস্তুতি নিয়েছেন।