আইপিএলের মাঝেই ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরবেন মুস্তাফিজ

0
ছবি: মুস্তাফিজুর রহমান।

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দীর্ঘ সময় খেলার সুযোগ করে দিতে একটি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, ২০২৬ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজে মুস্তাফিজকে কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে রাখা হবে।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, যাতে তিনি ওই সময়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে মাঠ মাতাতে পারেন। জাতীয় দলের অ্যাসাইনমেন্ট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই বিসিবি এই বিশেষ ছাড়পত্রের পরিকল্পনা করেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হলে মুস্তাফিজ কেকেআরের হয়ে সিংহভাগ ম্যাচেই অংশ নিতে পারবেন।

নিয়ম অনুযায়ী, জাতীয় দলের হয়ে খেলার কারণে তিনি কেকেআরের যে ম্যাচগুলোতে অনুপস্থিত থাকবেন, সেই ম্যাচগুলোর সম্মানী তার মোট পারিশ্রমিক থেকে কেটে রাখা হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার জন্য তাঁকে আইপিএলের অন্তত তিন থেকে চারটি ম্যাচ মিস করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।