অ্যাম্বুলেন্সে নিতে অস্বীকার, রেফার্ড রোগীর মৃত্যু — শৈলকুপায় ড্রাইভার বকুল আটক

0
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের লিখিত অভিযোগের পর অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে শৈলকুপা থানা পুলিশ।। ছবি: সংগৃহীত

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: সরকারি অ্যাম্বুলেন্স চালকের অবহেলা ও কালক্ষেপণের কারণে রেফার্ড এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে দায়িত্বে অবহেলার অভিযোগে অ্যাম্বুলেন্স ড্রাইভার বকুল হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দায়িত্বরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

রোগীর স্বজনরা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে কুষ্টিয়া নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু বকুল হোসেন প্রথমে গাড়িতে জ্বালানি তেল নেই বলে অপারগতা জানান। পরে স্বজনরা তেলের ব্যবস্থা করলেও তিনি কোথাও ভাড়ায় যাবেন না বলে সাফ জানিয়ে দেন। এই কালক্ষেপণের মধ্যেই হাসপাতালে মারা যান আবু জাফর।

মৃতের ছেলে ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য লিমন হোসেন জানান, বাবাকে দ্রুত কুষ্টিয়া নিয়ে যাওয়ার জন্য ড্রাইভারকে বারবার অনুরোধ করা হয়েছিল। তেলের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু তবুও তিনি যেতে রাজি হননি। ড্রাইভারের এই গড়িমসির মধ্যেই তার বাবা মারা যান।

এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দিয়ে বকুল হোসেনকে পুলিশে সোপর্দ করেন। শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, ড্রাইভার বকুল হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।