অসুস্থ দুই শিশুকে সড়কের পাশে ফেলে গেলেন মা-বাবা, উদ্ধার করলেন অটোচালক

0
চট্টগ্রামের আনোয়ারায় উদ্ধার হওয়া দুই শিশু ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের আনোয়ারায় দুই অসুস্থ শিশুকে কনকনে শীতের রাতে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় অসহায় অবস্থায় বসে থাকা ৪ ও ২ বছর বয়সী দুই শিশুকে উদ্ধার করেন মহিম উদ্দিন নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক।

উদ্ধার হওয়া শিশুদের পরিচয় মিলেছে। বড় মেয়েটির নাম আয়েশা (৪) এবং ছোট ছেলেটির নাম মোরশেদ (২)। আয়েশার ভাষ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। বাবার নাম খোরশেদ আলম ও মা ঝিনুক আখতার।

উদ্ধারকারী মহিম উদ্দিন জানান, সন্ধ্যার পর প্রচণ্ড শীতে শিশুদের কাঁপতে দেখে তিনি নিজের বাড়িতে নিয়ে যান। মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার জানান, শিশু দুটি অত্যন্ত অসুস্থ এবং ছোট শিশুটি শারীরিক প্রতিবন্ধী। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই বোঝা মনে করে মা-বাবা তাদের নির্জন সড়কে ফেলে গেছেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার আজ সোমবার বিকেলে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। সুস্থ হওয়ার পর সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশুদের ‘সেইভ হোমে’ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।