অভয়নগর ও মণিরামপুরে দুই বছরে চরমপন্থি সন্ত্রাসীদের হাতে জনপ্রতিনিধিসহ ৬ জন খুন

0

মীর মঈন হোসেন মুসা ॥ যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলায় চরমপন্থি সন্ত্রাসীদের হাতে একের পর এক হত্যার ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। দুই বছরে এই চরমপন্থিদের হাতে দু’জন জনপ্রতিনিধি ও একজন ব্যবসায়ী নেতাসহ অন্তত ৬ জন খুন হয়েছেন। সর্বশেষ গত ১২ মে খুলনার ফুলতলা বণিক সমিতির নেতা রকিবুল ইসলাম ওরফে রকিব অভয়নগরের দত্তগাতি এলাকায় চরমপন্থিদের হাতে খুন হন। চরমপন্থি সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই এলাকার ঘের ব্যবসায়ীসহ ধনাঢ্য ব্যক্তির কাছে চাঁদা দাবি ও চাঁদায় করে আসছেন। চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারসহ বিভিন্ন কারণে চরমপন্থিরা এসব এলাকায় একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। অবশ্য প্রায় প্রতিটি হত্যার সাথে জড়িতদের অধিকাংশ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। হত্যার দায়ও তারা স্বীকার করেছেন।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত ১২ মে রাত সাড়ে আটটার দিকে খুলনার ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের মাহাবুব খন্দকারের ছেলে ব্যবসায়ী নেতা রকিবুল ইসলাম রকিব স্ত্রী বর্ষা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে করে অভয়নগরের দত্তগাতি এলাকায় যান। এ সময় চরমপন্থি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রকিব। আহত হন তার স্ত্রী বর্ষা খাতুন। এ ঘটনায় মামলা হলে তদন্তে বেরিয়ে আসে এর সাথে নিষিদ্ধ সংগঠন নিউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডাররা জড়িত। কবিরাজি ওষুধ দেওয়ার কথা বলে পূর্ব পরিকল্পিতভাবে ডেকে এনে ব্যবসায়ী নেতা রকিবকে হত্যা করা হয়।
ব্যবসায়ী নেতা রকিব হত্যা মামলার তদন্ত করছেন অভয়নগর থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) মিলন কুমার মন্ডল। তাকে তদন্ত কাজে সহায়তা করছে ডিবি পুলিশ। হত্যা প্রসঙ্গে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, বিভিন্ন দ্বন্দ্বের কারণে চরমপন্থিরা রকিবের ওপর ক্ষুব্ধ ছিলেন। এ জন্য সাইফুল ইসলাম নামে একজন স্থানীয় ইউপি মেম্বারের মাধ্যমে কবিরাজি ওষুধ দেওয়ার কথা বলে কৌশলে রকিবকে ডেকে এনে খুন করেন চরমপন্থিরা। তিনি আরও বলেন, পরবর্তীতের জানা গেছে নিউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির স্থানীয় নেতা হলেন ইউপি মেম্বার সাইফুল ইসলাম। তিনিই কৌশলে কবিরাজি ওষুধ দেওয়ার কথা বলে দলীয় ক্যাডারদের দিয়ে রকিবকে হত্যা করেন। এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি রাতে অভয়নগর উপজেলার হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় নিজ বাড়ির কাছে চরমপন্থি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নবনির্বাচিত ইউপি মেম্বার উত্তম সরকার। এই মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের এসআই শামীম হোসেন। হত্যাকা-ের সাথে জড়িতরা নিষিদ্ধ সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। তদন্তকালে ডিবি পুলিশ হত্যার সাথে জড়িত কয়েকজনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানতে পারে, উত্তম সরকার নির্বাচনে তার জয়লাভে ভূমিকা রাখার জন্য চরমপন্থিদের ১ লাখ টাকা দিতে চেয়েছিলেন। অগ্রিম হিসেবে তাদের ৩০ হাজার টাকা দেন। কিন্তু বাকী ৭০ হাজার টাকা না দেওয়ায় তাকে হত্যা করেন চরমপন্থি সদস্যরা।
ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির স্থানীয় দুজন নেতার পরিচয় তারা জানতে পেরেছেন। এরা হলেন-অভয়নগর উপজেলার আন্ধা গ্রামের দীপংকর ও খুলনার ডুমুরিয়া এলাকার মহিতোষ। তবে উত্তম সরকার হত্যার মাস্টারমাইন্ড ছিলেন কিরন নামে সংগঠনের আরেক নেতা। তাকে তারা আটক করতে পেরেছেন।
ডিবি পুলিশ সূত্র জানায়, ২০২১ সালের ১৯ নভেম্বর মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের একটি মাছের ঘেরের ভেতর খুন হন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির ক্যাডার প্রকাশ মল্লিক ওরফে ব্রিটিশ। তার বাড়ি অভয়নগর উপজেলার সুন্দলী গ্রামে। ব্রিটিশের কাছে সংগঠনের একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ছিলো। এই অস্ত্র ফেরত দিতে অস্বীকার চরমপন্থি এক নেতা নির্দেশে তাকে হত্যা করা হয় বলে তদন্তকালে জানতে পারে ডিবি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০ সালের ৯ জুলাই দুপুরে মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের জনৈক কল্যাণের মাছের ঘেরের পাশে চরমপন্থি সদস্য রফিকুল ইসলামকে গুলি চালিয়ে ও জবাই করে হত্যা করা হয়। অভ্যন্তরীণ বিরোধের জের ধরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্যরা মোবাইল ফোনসেট দেওয়ার কথা বলে ডেকে এনে তাকে হত্যা করেন। নিহত রফিকুল ইসলাম মনিরামপুর উপজেলার মধুপুর গ্রামের মৃত আমারত বিশ্বাসের ছেলে। একই বছরের ১৭ অক্টোবর অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে চরমপন্থিদের হাতে খুন হন আল মামুন নামে এক যুবক। একই এলাকার নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য রিপন ফকিরের সাথে নিহত আল মামুনের চাচি বেবি খাতুনের পরকীয়া সম্পর্ক ছিলো। এর জের ধরে সৃষ্ট দ্বন্দ্বে রিপন ফকির গুলি চালিয়ে হত্যা করেন আল মামুনকে। পরে ডিবি পুলিশ অভিযুক্ত রিপন ফকিরকে আটকও করে।
২০২১ সালের ৭ মার্চ রাত আটটার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুর আলী শেখ চরমপন্থি সন্ত্রাসীদের হাতে খুন হন। এই মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল মাহমুদ জানিয়েছিলেন, ২০২০ সালের ১৭ অক্টোবর শুভরাড়া গ্রামের আল মামুন নামে এক যুবক চরমপন্থি রিপন ফকিরের হাতে খুন হন। এই খুনের পেছনে নুর আলী শেখের হাত ছিলো বলে সন্দেহ করতে নিহতের স্বজনেরা। এরই প্রতিশোধ হিসেবে নুর আলী শেখকে হত্যা করেন আল মামুনের ভাই আরমান ও চাচতো ভাই মিজানুর আকুঞ্জি।
ডিবি পুুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, যশোরের অভয়নগর, মনিরামপুর, খুলনার ডুমুরিয়া ও ফুলতলা এলাকায় কথিত চরমপন্থিদের তৎপরতা রয়েছে বলে তারা জানতে পেরেছেন। ঘের ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এদের আসল পেশা। পুলিশ এদের তৎপরতা বন্ধে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যশোর অঞ্চলে ঘটে যাওয়া অধিকাংশ হত্যার পেছনে রয়েছে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব।