অভয়নগরে রাতের বেলায় বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলায় নিহত ১

0

স্টাফ রিপোর্টার,অভয়নগর (যশোর) ॥ অভয়নগর উপজেলার মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে রাত সাড়ে ১২ টার দিকে একদল সন্ত্রাসী প্রবেশ করে ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মতিয়ার বিশ্বাসকে (৪৫) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। আহতরা হলেন, একই গ্রামের আব্দুল হালিম (৩৪) ও সোহরাব হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৩৮)।
নিহতের স্ত্রী মিম খাতুন জানান, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে ও পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে। আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায় তারা। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একইভাবে কুপিয়ে ফেলে রেখে যায় তারা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।