অভয়নগরে তুচ্ছ ঘটনায় ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন !

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে ভাইপোর ছুরিকাঘাতে রাজু আহম্মেদ (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেসবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা নামক স্থানে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
শুক্রবার ভোররাতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের ভাই স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রাজু আহম্মেদ চেঙ্গুটিয়া গ্রামের মৃত গোলাম নবী মোল্যার ছেলে। ভাইপো রাকিবুল ইসলাম (২৪) প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন খোকনের ছেলে।
প্রতিবেশী বারিক মোল্যা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজু আহম্মেদ তার ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদা বাটা রাখেন। এ সময় খোকন মেম্বারের ছেলে রাকিবুলের সঙ্গে তার চাচা রাজুর আদা বাটা রাখা নিয়ে বাকবিতণ্ডা হয়। এদিন সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহতের ভাই ইউপি সদস্য জসিম উদ্দিন খোকন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আরো জানান, তার ছেলে রাকিবুল গত ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ‘খ’ মুকিত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার নির্দেশনায় অভয়নগর থানা পুলিশ হত্যাকারী ভাইপো রাকিবুল ইসলামকে শুক্রবার বিকেল তিনটার দিকে আটক করে এবং ঘটনাস্থলের পাশের ঘরের টিনের ওপর থেকে ব্যবহৃত চাকু উদ্ধার করে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান জানান, খুনের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে যায়।  ছয় ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘটন করে আসামি আটক করে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে।  এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামীম হাসান জানান, ছুরিকাঘাতে খুনের বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।