অভয়নগরে উচ্ছেদের দুই মাসের মধ্যে ফুটপাত দখল

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ অভয়নগরে উচ্ছেদের দু মাসের মধ্যেই আবারও ফুটপাত দখল করে নির্মাণ হচ্ছে দোকানঘর। ফলে চলাচলে ফের ঝুঁকি বেড়েছে পথচারীদের। যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে এ ফুটপাত দখল করে দোকানঘর নির্মাণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে গত ১১ জুলাই নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সে সময় ১৮টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। পরবর্তীতে আবারও স্থানীয় একটি মহল ওই ফুটপাত পুনরায় দখল করতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শুরু করে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, নতুন করে বাঁশের খুঁটি, কাঠের প্রাচীর ও টিনের চাল দিয়ে বেশ কয়েকটি দোকানঘর নির্মাণ করে ফুটপাত দখল করা হয়েছে। যে কারণে পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়কের ওপর দিয়ে চলাচল করছেন।

পথচারীদের দাবি, ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। তাহলে পুনরায় কেউ দখল করার সাহস পাবে না। শুধু মহাসড়কের ফুটপাত নয়, অভয়নগরের বিভিন্ন সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত করা প্রয়োজন।

এ ব্যাপারে নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসাইন বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদের পর কে বা কারা পুনরায় দখল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। নওয়াপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে ফুটপাত পুনরায় দখলমুক্ত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গ্রাফিতি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।