অবৈধ হ্যান্ডসেট এখনই বন্ধ হচ্ছে না, আতঙ্কিত না হওয়ার আহ্বান ফয়েজ তৈয়্যবের

0
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গ্রাহকদের এনআইডি ও ডিভাইসের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম পুনরায় সচল হওয়া নিয়ে গ্রাহকদের মাঝে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার (২ জানুয়ারি) এক বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, এনইআইআর চালু হলেও আগামী ৯০ দিনের মধ্যে কোনো অবৈধ কিংবা ক্লোন করা হ্যান্ডসেট বন্ধ করা হবে না।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিটিআরসি এবং মোবাইল অপারেটররা প্রায় তিন বিলিয়নের বেশি ‘হিস্টোরিক ডেটা’ সিস্টেমে আপলোড করেছে। মাইগ্রেশনের কারিগরি প্রক্রিয়ার কারণে বর্তমানে অনেক গ্রাহকের এনআইডিতে সচল সিম বা হ্যান্ডসেটের সংখ্যা বাস্তবে যা আছে তার চেয়ে বেশি দেখাচ্ছে। এটি একটি সাময়িক কারিগরি জটিলতা এবং ডেটা আর্কাইভিং শেষ হলে শুধুমাত্র বর্তমানে সচল হ্যান্ডসেটের সঠিক সংখ্যাই দৃশ্যমান হবে।

সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে ‘ভিএপিটি’ (VAPT) পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ডেটাবেজ নিরাপদ রাখতে ‘জেডব্লিউটি’ (JWT) টোকেন ও রেট লিমিটের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

একজন ব্যক্তির এনআইডির বিপরীতে অনুমোদিত সিমের সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনার প্রক্রিয়া চলমান থাকায় ম্যাপিংয়ে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে। তবে এর মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন তাঁদের নামে কয়টি ডিভাইস বা সিম ব্যবহার হচ্ছে, যা মোবাইল ব্যাংকিং জালিয়াতি ও অনলাইন জুয়া রোধে সহায়ক হবে। পুরো সিস্টেমটি নিখুঁতভাবে সচল করতে বিটিআরসি ও অপারেটররা যৌথভাবে কাজ করছে এবং গ্রাহকদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে।