অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ আটক ৮

0
ছবি: সংগৃহীত।

ঝিনাইদহের সংবাদদাতা ॥  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার বিকেলে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাগাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিহাটি গ্রামে নায়েব সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনাকালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চারজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।