বাগআঁচড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

বাগআঁচড়া (যশোর)সংবাদদাতা ॥ শার্শার বাগআঁচড়া বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরের দিকে বাগআঁচড়া বাজারে এই অভিযান চলে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মাদ সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের অন্তত ১০টি মুদি ও শিশু খাদ্য বিক্রি প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও অসদুপায় অবলম্বনের দায়ে মা স্টোরকে ১০ হাজার টাকা ও একই অপরাধে শহিদুল স্টোরকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে পণ্যের ন্যায্যমূল্য ও সঠিক বিক্রয় কার্যক্রম নিশ্চিত করতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।