ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অংশ হিসেবে শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ

0
যশোরের ঝিকরগাছায় প্রতিটি পরিবারের সঠিক তথ্যভান্ডার তৈরি এবং সরকারি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের ডাটা কালেকশন শুরু হয়েছে।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)  ॥  ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের ডাটা কালেকশন কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারে গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। যশোরের ঝিকরগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম। একই সময়ে ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এবং মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেও একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা করা হয়।

প্রথম পর্যায়ে ঝিকরগাছা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাড়িয়াদেয়াড়া গ্রাম, মাগুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কায়েমকোলা গ্রাম এবং ঝিকরগাছা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঝিকরগাছা কাটাখাল গ্রামে ডাটা কালেকশন শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে ঝিকরগাছা উপজেলার আওতাধীন ১১টি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এই তথ্য সংগ্রহ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ সিরাজুল ইসলাম, ঝিকরগাছা সদর ইউনিয়নের সুপারভাইজার শাহানা হক ডিনা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের দায়িত্বপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা সরাসরি উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. তহিদুল ইসলাম জানান যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পুরো উপজেলার প্রতিটি পরিবারের সঠিক ও হালনাগাদ তথ্যভান্ডার প্রস্তুত করা সম্ভব হবে। এই ডাটাবেজ ভবিষ্যতে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক সেবা কার্যক্রম সুচারুভাবে বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকা ওয়ার্ডগুলোর সাধারণ জনগণকে নিজ নিজ বাড়িতে এনআইডি কার্ড, শিশুদের জন্ম নিবন্ধন সনদ, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য প্রস্তুত রাখার এবং বাড়ি বাড়ি যাওয়া গণনাকারীদের সঠিক তথ্য দিয়ে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে উপজেলা সমাজসেবা অফিস।