অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে আটক করেছে বি.এস.এফ

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বি.এস.এফ।

আটক সজিব হোসেন (১৭) উপজেলার মেদিনীপুর গ্রামের উত্তরপাড়ার শফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর-৫৮ বি.জি.বি ব্যটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ রফিক।

মেদিনীপুর গ্রামবাসি সূত্রে জানা যায়, গত সোমবার (৩ জানুয়ারী) দুপুর ২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের অপর পাশে ভারতের অভ্যন্তর থেকে মাদকদ্রব্যসহ সজিবকে আটক করে বি.এস.এফ। ওই গ্রামের উত্তরপাড়ার দিনমজুর শফিকুল ইসলামের ছেলে সজিব ও একই গ্রামের দিলুর মন্ডলের ছেলে মকবুল হোসেন, খতিবের ছেলে শাওন ও আশরাফের ছেলে নয়ন ভারত সীমান্ত গলিয়ে সেখানে যায়। সেখান থেকে ভারতের নদীয়া জেলার পুটিখালী ক্যাম্পের বি.এস.এফ তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলে বি.এস.এফে’র হাতে আটক হয় সজিব।

সজিব হোসেনের মা সাবিনা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার ছেলে তার বন্ধুদের সাথে গত সোমবার দুপুরের দিকে বাড়ী থেকে বের হয়ে যায়। পরে তারা সবাই বাড়ী ফিরে এলেও আমার ছেলে সজিবকে না দেখে খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারি ভারতের পুটিখালী ক্যাম্পের বি.এস.এফের হাতে আমার ছেলে সবিজ ধরা পড়েছে।

আমরা তাৎক্ষণিক ভাবে বিজিবির সাথে যোগাযোগ করি। বিজিবি সে সময় আমাদেরকে বলেন যে, ঘটনার ব্যাপারে তাদের কোন কিছু জানা নেই। আমরা পুণরায় মঙ্গলবার সকালে বিজিবি ক্যাম্পে গেলে বিজিবি সদস্যরা আমাদেরকে বলেন,সজিবকে বি.এস.এফ সেখানকার থানায় দিয়ে দিয়েছেন। এখন পতাকা বৈঠক করে দেখা যাক কি করা যায়।

সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আব্দুল আলিম আব্দুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে বিজিবির সাথে যোগাযোগ করা হয়েছে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যটালিয়নে অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ রফিক জানান, সজিব হোসেন একজন মাদক কারবারী। ভারতীয় ৩ নাগরিকসহ সজিব হোসেন মাদকের চালানসহ ভারতের অভ্যন্তরে আটক হয়েছে। আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। কিন্তু সে ভারতের অভ্যন্তরে মাদকসহ আটক হওয়ায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।