অবশেষে মারা গেলেন এমপি পুত্র অভিজিৎ

0

ডুমুরিয়া ( খুলনা ) সংবাদদাতা ॥ অবশেষে মারা গেলেন সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের কনিষ্ঠ পুত্র খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ (৩৫)। রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত আটটার দিকে মারা যান তিনি। ঘটনার দিন (বুধবার) বেলা ১১ টার দিকে অভিজিৎ খুলনার ডুমুরিয়াস্থ নিজ বাসভবনে হারপিক (টয়লেট ক্লিনার) পান করে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। অভিজিৎ চন্দ্র ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং দুই সন্তানের জনক। প্রসঙ্গত, সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। এর আগে ২০১৭ সালে তার একমাত্র কন্যা জয়ন্তী রানী বেবীরও একইভাবে মৃত্যু হয়েছে। বর্তমানে তার জীবিত একমাত্র সন্তান বিশ্বজিৎ চন্দ্র চন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে এক বেদনা বিধুর পরিবেশে ডুমুরিয়া কেন্দ্রীয় শ্মশানে অভিজিৎ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন, অভিজিৎ চন্দ্র চন্দের পিতা সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি, তার বড়ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.বিশ্বজিৎ চন্দ্র চন্দ, সত্যজিৎ চন্দ্র চন্দ, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনু আর রশিদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা পরিষদের সকল সদস্য বৃন্দ, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা মোল্লা আবুল কাশেম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ শাহানাজ বেগম প্রমুখ।