অবরোধের শেষ দিন সকাল থেকেই উত্তাল যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজপথ

0

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে বুধবার সকাল থেকে আবারও উত্তাল হয়েছে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজপথ। বিএনপির ডাকে ৩৬ ঘন্টার অবরোধে শেষ দিন কাক ডাক ভোরে এই জনপদের গণতন্ত্রকামী জনতা সড়ক-মহাসড়কে নেমে আসেন । সেখানে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান মিছিল স্লোগানের মাধ্যমে রাজপথকে প্রকম্পিত করেন।
বর্তমান সরকারের পদত্যাগ, একতরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর তান্ডবের প্রতিবাদে ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে ৩৬ ঘন্টার অবরোধ কর্মসুচি ঘোষণা করে বিএনপি।
মঙ্গলবার কর্মসূচির শেষ দিনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল জেলা সদরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। নগর বিএনপির (৪,৬ ও ৬) নম্বর ওয়ার্ড শাখা অবরোধের সমর্থনে বিভিন্ন সড়কে মিছিল করে।
কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়কের কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করে। নড়াইলের লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহেল রানা লাক্সমীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পৌর সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন।
এদিকে মঙ্গলবার রাতেও যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক-মহাসড়কে গণতন্ত্রকামী জনতা অবরোধের সমর্থনে মশাল মিছিল করে।